Collected from: tsports.com

বয়স মাত্র ১৮! তবে এরই মধ্যে বিশ্ব ফুটবলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন লামিন ইয়ামাল। তাই স্বাভাবিকভাবেই রথী-মহারথীদের সঙ্গে তুলনায় চলে আসে তার নাম। তবে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলে দিয়েছেন, লিওনেল মেসি বা অন্যদের সঙ্গে ইয়ামালের তুলনা করা ভুল হবে।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ পথচলা শুরু করেছে স্পেন। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় ম্যাচের শুরু থেকে খেলেননি ইয়ামাল। দ্বিতীয়ার্ধে মিনিট বিশেকের জন্য তাকে মাঠে নামান লা ফুয়েন্তে।

আটালান্টায় বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় সৌদি আরবের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে স্পেন। এই ম্যাচেও ইয়ামালের শুরু থেকে খেলার সম্ভাবনা তেমন নেই। তবে ম্যাচের আগে তাকে ঘিরে আলোচনার শেষ নেই।

সংবাদ সম্মেলনে লা ফুয়েন্তের কাছে জানতে চাওয়া হয়, আর্জেন্টিনা দলে লিওনেল মেসি বা ডিয়েগো ম্যারাডোনা যেমন ছিলেন, স্পেনের ক্ষেত্রে ইয়ামালও অনেকটা তা-ই কিনা? উত্তরে এই তুলনা বন্ধ করতে বলেন স্পেন কোচ।

“অন্য যে কারও সঙ্গে ইয়ামালের তুলনা করা ভুল হবে। তার বয়স এখন মাত্র ১৮ বছর। সে উন্নতির পথে আছে, পরিপক্ব হওয়ার ধাপগুলো পার করছে। তাকে এই পথটা অনুসরণ করতে দিতে হবে।”

“এই ধরনের ফুটবলার, যাদের মধ্যে ভিন্ন কিছু প্রতিভা আছে, তারা সবসময় (উন্নতির জন্য) প্রস্তুত থাকে। তারা জিনিয়াস। যেমন সালভাদর ডালি বা মাইকেলেঞ্জো। আমাদের কাছে যেটা অনন্য মনে হয়, তাদের কাছে সেটাই সাধারণ।”

সৌদি আরবের বিপক্ষে শুরু থেকে ইয়ামালকে খেলানো হবে কিনা জানতে চাওয়া হয় স্পেন কোচের কাছে। তবে পরিষ্কার কোনো উত্তর দেননি তিনি।

“আমরা এই বিষয়ে পর্যবেক্ষণ করব। ভালো খবর হলো, সে দলের সঙ্গে আছে, ভালো অবস্থায় আছে। সে ৫৫ মিনিট খেলবে নাকি ৬৩ মিনিট সেটা ম্যাচের ওপর নির্ভর করবে। দলের প্রতি তার অবদান সম্পর্কে চিন্তা করি আমরা। তো ম্যাচেই দেখা যাক।”

Share.
Leave A Reply

Exit mobile version