Collected from: somoynews.tv

এমএলএসের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হার দেখেছিল মেসির মায়ামি। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় পেল তারা। আর এই জয়ে মূল ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি।

অরল্যান্ডো সিটির বিপক্ষে সোমবার (২ মার্চ) ৪-২ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রথম হাফে ২-০ তে পিছিয়ে থাকার পর, দ্বিতীয় হাফে চারটি গোল করে মায়ামি। যেখানে মেসির গোল দুইটি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মেসির হাতেই।


চলতি মৌসুম নতুন খেলোয়াড় ভেড়ানোর পর মায়ামিকে আগের চেয়ে শক্তিশালী মনে করা হচ্ছিল। কিন্তু মাঠের খেলায় সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছিল না। লস অ্যাঞ্জেলেস ম্যাচের পর আজও শুরুতে বেশ ভুগেছে তারা। যার সুযোগ নিয়েই মার্কো পাসালিক ১৮ মিনিটে এগিয়ে দেন অরল্যান্ডোকে। ২৪ মিনিটে মার্টিন ওজেডা ব্যবধান দ্বিগুণ করলে বিপদ আরও বাড়ে মায়ামির। দলকে ম্যাচে ফেরাতে বিরতির পরপর দলে পরিবর্তন আনেন হ্যাভিয়ের মাচেরানো।
লেফটব্যাক নোয়া অ্যালেনের জায়গায় নামান আক্রমণভাগের খেলোয়াড় মাতেও সিলভেত্তিকে। এই সিদ্ধান্তই বদলে দেয় ম্যাচের দৃশ্যপট। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে ২০ বছর বয়সি আর্জেন্টাইন তরুণ সিলভেত্তির অসাধারণ এক শটে ব্যবধান কমায় মায়ামি। এরপরই দেখা মেলে মেসি জাদুর।
৫৭ মিনিটে গোছানো এক আক্রমণে অরল্যান্ডো বক্সের কাছাকাছি পৌঁছে যান মেসি। এ সময় তার সামনে তৈরি হয় ছয় ফুটবলারের দেয়াল। আর সেই দেয়ালকে ফাঁকি দিয়েই বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে বছরের প্রথম গোলটি করেন মেসি। ম্যাচে আসে ২–২ সমতা।

এরপর ইন্টার মায়ামি যেন আরও ধারালো হয়ে ওঠে। ৮৫ মিনিটে মেসির সহায়তায় বল পেয়ে গোল করেন তালিসকো সেগোভিয়া। এরপর ৯০ মিনিটে আবারও মেসি জাদু।

বক্সের বাইরে থেকে ফ্রি–কিকে দারুণ এক শটে মায়ামিকে এগিয়ে দেন ৪–২ গোলে, ফ্রি–কিকে এটি মেসির ৭০তম গোল। এমএলএসের নিয়মিত মৌসুমে প্রথম ৫৫ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৫২। এর মধ্যে শেষ ৪৯ ম্যাচেই মেসি করেছেন ৫১ গোল। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৮৯৮। আর ২ গোল করলেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টিনা দলের অধিনায়ক। 
Share.
Leave A Reply

Exit mobile version