Collected from: somoynews.tv
দুই মাসব্যাপী যুদ্ধ নিরসনে ইরান যে সর্বশেষ প্রস্তাব দিয়েছে তাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এর ফলে এই সংঘাতের সমাধানের আশা ম্লান হয়ে গেছে, যা জ্বালানি সরবরাহ ব্যাহত করেছে, মুদ্রাস্ফীতি বাড়িয়েছে এবং হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
ইরানের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং উপসাগরীয় অঞ্চল থেকে জাহাজ চলাচল নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা যাবে না। যা ট্রাম্পের পছন্দ হয়নি।
‘এতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ তাদের মতে পারমাণবিক বিষয়গুলো শুরু থেকেই সমাধান করতে হবে এবং এ কারণেই ট্রাম্প ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট।’ প্রেসিডেন্টের উপদেষ্টাদের সঙ্গে সোমবারের বৈঠক সম্পর্কে অবহিত এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব বলেন।
এছাড়া হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না এবং আমরা আমাদের অলঙ্ঘনীয় সীমা সম্পর্কে স্পষ্ট।
এদিকে, শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার আশা ক্ষীণ হওয়ার আরেকটি কারণ হলো, মার্কিন প্রেসিডেন্ট এর আগে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরিকল্পিত সফর বাতিল করেছেন।
এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সপ্তাহান্তে দুইবার ইসলামাবাদে আসা-যাওয়া করেন। এর ওপর ইরানের সর্বশেষ প্রস্তাবে ট্রাম্প খুশি না হওয়ায় এই শান্তি আলোচনা অনেকটাই ঝুঁকিকে পড়ল।
আরাঘচি ওমানও সফর করেন এবং সোমবার রাশিয়া যান, যেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এক দীর্ঘদিনের মিত্রের কাছ থেকে সমর্থনের বার্তা পান।


