Collected from: somoynews.tv

ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে। ট্রাম্পের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কমিশন।

আটলান্টিকের দুই পাড়ে বাণিজ্যযুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। ট্রাম্প অভিযোগ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন-ইইউ বাণিজ্য চুক্তি মানছে না। ইইউ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন তিনি।

 
আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কারখানা বানালে কোনো শুল্ক দিতে হবে না।
 
ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙে এই পদক্ষেপকে সরাসরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তার দাবি, ইইউ গেল বছর স্কটল্যান্ডে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি পুরোপুরি মেনে চলছে। এমনকি চুক্তি বাস্তবায়নের আইন তৈরিরও কাজ চলছে। 
 
উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংশ্লিষ্ট ৪শ’র বেশি পণ্যে গড়ে ২৬ শতাংশ শুল্ক আরোপ করে বারবার চুক্তি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র।
 
বার্ন্ডের অভিযোগ, ট্রাম্পের সবশেষ এই পদক্ষেপ প্রমাণ করে মার্কিন পক্ষ কতটা অবিশ্বস্ত।
 
এমন পরিস্থিতিতে ওয়াশিংটন চুক্তি পরিপন্থি কোনো পদক্ষেপ নিলে নিজ স্বার্থ রক্ষায় সব বিকল্প খোলা রাখবে বলে সতর্ক করেছে ইইউ। গত বছরের চুক্তি অনুযায়ী, ইইউ সব মার্কিন শিল্পপণ্যে শুল্ক স্থগিত রেখেছে। বিনিময়ে ইউরোপীয় বেশিরভাগ পণ্যে মাত্র ১৫ শতাংশ শুল্ক রাখার কথা ছিল যুক্তরাষ্ট্রের।
 
ইউরোপীয় ইউনিয়নের সমীক্ষা সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ২০২৪ সালে ইইউ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৭ লাখ কোটি ইউরো, যা দৈনিক হিসেবে গড়ে ৪৬০ কোটি ইউরো। পাল্টাপাল্টি উত্তেজনায় এই বিশাল বাণিজ্য সম্পর্ক এখন অনিশ্চয়তায় পড়েছে। 
Share.
Leave A Reply

Exit mobile version