Collected from: সময় মিডিয়া লিমিটেড

ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ সদস্যের ভোটে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বাংলাদেশকে ভারতেই খেলতে যেতে হবে, অন্যথায় বিকল্প দল নেওয়া হবে। বিকল্প দল হিসেবে বলা হচ্ছে স্কটল্যান্ডের কথা।

বাংলাদেশ ভারতের বাইরে ম্যাচ খেলার দাবিতে অনড় ছিল। কিন্তু আজ সেটা নাকচ হয়ে গেছে। আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকাংশ সদস্য দেশ বাংলাদেশের ভারতে খেলার পক্ষে ভোট দিয়েছে। দ্বিতীয় অপশন বাংলাদেশের বিকল্প দল নেওয়া। প্রশ্ন হলো, কে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষেই বা কারা?


পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে। কিছুদিন আগে বাংলাদেশের অবস্থানকে ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে তারা। পিসিবি কর্মকর্তারা জানান, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যদি সমাধান না হয়, তবে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

কয়েকদিন আগে পাকিস্তানি সংবাদমাধ্যমে জানা যায়, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে। খবরে বলা হয়, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরে টিম ম্যানেজমেন্টকে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে সৃষ্ট পরিস্থিতিতে কী করা হবে, সে বিষয়ে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

ক্রিকইনফোর খবরে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও বৈঠকে অংশগ্রহণ করে ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও দুটি সহযোগী দেশের ক্রিকেট বোর্ডের কর্তা। এছাড়া ছিলেন আইসিসির কর্মকর্তারা।

কথা অনুযায়ী পাকিস্তান নাকি বাংলাদেশের পক্ষেই ভোট দিয়েছে। সদস্যদের মধ্যে বাংলাদেশ শুধু নিজেদের ও পাকিস্তানের ভোট পেয়েছে। নিউজ১৮’র খবরে বলা হয়েছে, আইসিসির একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘সদস্যদের মধ্যে কেবল বাংলাদেশ ও পাকিস্তান নতুন ভেন্যুর পক্ষে ভোট দিয়েছে, বাকিরা বিপক্ষে। সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আইসিসি বোর্ড সেটা আরও একদিন বাড়িয়েছে।’
Share.
Leave A Reply

Exit mobile version