Collected from: tsports.com
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
তবে ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে স্কালোনি শুরুর একাদশ ঘোষণা করেননি।
তিনি বলেন, ‘শুরুর একাদশটা কী হবে, সেটা খেলোয়াড়েরা জেনে যাবে। গতকাল বিয়েলসা যেমন বলেছিলেন, আমিও এখনও ছেলেদের কিছু জানাইনি। আজ সন্ধ্যার অনুশীলনের পর জানিয়ে দেব।’
ডান হাতের অনামিকা আঙুলে চিড় নিয়ে শঙ্কা তৈরি হলেও মার্তিনেজকে নিয়ে স্বস্তির খবরই দিয়েছেন আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো ভালো আছে এবং আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। আমার মনে হয়, ও খেলবে।’
এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে অনুশীলনে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকোও। বাম পায়ের কাফ মাংসপেশির চোট থেকে সেরে ওঠা এই ডিফেন্ডার সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন স্কালোনি।
তিনি বলেন, ‘এখন আর কোনো চোটের সমস্যা নেই। নিকো দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করবে কি না, সেটা দেখা হবে। তবে দলে কাউকে বাদ দেওয়া ছাড়া আর কোনো সমস্যা হয়নি।’
আর্জেন্টিনার কোচ বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ।
তার ভাষ্য, ‘এটা একটা ফুটবল ম্যাচ। আগের বিশ্বকাপের অভিজ্ঞতা বলে, প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হলেও সেটাই সবকিছু নির্ধারণ করে না। আমরা আত্মবিশ্বাসী। এখানে আমাদের পথচলা শেষ হয়ে যাবে না। আমরা শক্তিশালী একটি দলের মুখোমুখি হব, তবে আমরা ভালো অবস্থায় আছি।’
বিশ্বকাপে তথাকথিত ছোট দল বলে কিছু নেই বলেও সতর্ক করেছেন স্কালোনি।
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের চমকপ্রদ ড্রয়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমরা দেখেছি স্পেনের সঙ্গে কী হয়েছে। এখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই। আলজেরিয়া এমন একটি দল, যারা আমাদের ভাবাচ্ছে। তাদের দলে বেশ কয়েকজন উচ্চমানের ফুটবলার আছে।’
কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


