Collected from: somoynews.tv
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলকে হারানোর স্মৃতিতে জাগিয়ে দিয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা একরকম ছেলেখেলায় কুরাসাওকে হারিয়েছে ম্যাচটিতে।
অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল করে রেকর্ড গড়েছে কুরাসাও।
রোববার দিবাগত রাতে (১৪ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে কুরাসাওকে চাপে রাখে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে জার্মানির হয়ে ফেলিক্স মেচা প্রথম গোল করেন। তবে ২১ মিনিটে কুরাসাওকে সমতায় ফিরিয়ে জার্মানদের ভড়কে দেন কুরেসিয়ান ফুটবলার লিভানো কোমেনেনসিয়া। এটি বিশ্বকাপ ফুটবলেও কুরাসাওয়ের প্রথম গোল।
৩৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। পরে জার্মানদের হয়ে গোল বন্যায় যোগ হয় কাই হাভার্টজের ২ গোল এবং জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ডেনিজ উনদাভের একটি করে গোল।
জার্মানি ফুটবল দল তাদের ইতিহাসে একাধিক ম্যাচে প্রতিপক্ষের জালে ৭টি বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছে। তবে ৭টি গোল করেছে এমন ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও বিখ্যাত ম্যাচ হলো ব্রাজিলের বিপক্ষে। ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। আর ২০০২ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল দলটি।


