Collected from: tsprots.com

দীর্ঘদিন রেকর্ডটি ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর দখলে। পরে সেটি নিজের করে নেন মিরোস্লাভ ক্লোসা। আর এক যুগ পরে এখন এই রেকর্ডের মালিক লিওনেল মেসি। রোনালদোর মতে, মেসির কাছেই মানায় রেকর্ডটি।

ফিফা বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে দুটি গোলই করেছেন মেসি। যার সৌজন্যে ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সব মিলিয়ে বিশ্বকাপে ২৮ ম্যাচে মেসির গোল ১৮টি। ২০১৪ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৬ গোল নিয়ে সবার ওপরে ছিলেন ক্লোসা। তিনি ভেঙেছিলেন ২০০৬ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর করা ১৫ গোলের রেকর্ড।

চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ১৬ গোল নিয়ে রোনালদোকে টপকে ক্লোসার পাশে বসেন মেসি। আর একই ছন্দ ধরে রেখে পরের ম্যাচে জোড়া গোল করে জার্মান কিংবদন্তিকেও ছাড়িয়ে যান আর্জেন্টিনার অধিনায়ক।

ম্যাচ শেষে মেসিকে অভিনন্দন জানাতে ভোলেননি ক্লোসা। একবাক্যে তিনি স্বীকার করে নিয়েছেন মেসিই সর্বকালের সেরা। কম যাননি রোনালদোও। লে’কিপকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, মেসির কাছেই মানায় এই রেকর্ড।

“ফুটবলের দেবতাদের কাছে এই পরিসংখ্যান প্রমাণ করে যে, সে সবাইকে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার খেতাব যদি কেউ পাওয়ার যোগ্য হয়, তবে সে অবশ্যই মেসি।”

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দিন মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। এরই মধ্যে ৩৯ বছর পূর্ণ হয়েছে তার। এই বয়সেও সর্বোচ্চ ছন্দ ধরে রেখে খেলতে থাকা মেসির প্রশংসা করতে গিয়ে হালকা মজারও আশ্রয় নেন রোনালদো।

“তার বয়স ৩৮, হে ঈশ্বর! ৩৮ বছর বয়সে আমি তো চার বছর আগেই অবসর নিয়েছিলাম, তখন আমার ওজন ছিল ১২০ কেজি!”

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা
১/ লিওনেল মেসি – ১৮ গোল (২০০৬-২০২৬)

২/ কিলিয়ান এমবাপে – ১৬ গোল (২০১৮-২০২৬)

৩/ মিরোস্লাভ ক্লোসা – ১৬ গোল (২০০২-২০১৪)

৪/ রোনালদো – ১৫ গোল (১৯৯৪-২০০৬)

৫/ জার্ড মুলার – ১৪ (১৯৭০-১৯৭৪)

Share.
Leave A Reply

Exit mobile version