Collected from: tsports.com

আক্রমণ-পাল্টা আক্রমণ, দুই গোলকিপারের অবিশ্বাস্য সব সেভ আর লাল কার্ডের নাটকীয়তা—সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসে ফুটবলপ্রেমীরা উপভোগ করলেন এক রুদ্ধশ্বাস লড়াই। তবে এত কিছুর পরও ভাঙেনি ডেডলক।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বেলজিয়াম ও ইরানকে। ম্যাচের শেষ ৩৪ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেও ইরানের আক্রমণভাগকে আটকে রাখতে সমর্থ হয় রেড ডেভিলসরা।

এই ড্রয়ে জি’ গ্রুপের শীর্ষে উঠল ইরান। ২ ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। এক ম্যাচ করে খেলা মিশর ও নিউ জিল্যান্ড রয়েছে টেবিলের তিন ও চার নম্বরে।

বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছে বেলজিয়াম। ম্যাচের ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল তারা। বেলজিয়ামের নেওয়া ২৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। ইরান ৭টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছে ৩টি।

ম্যাচের নবম মিনিটে বক্সের বাম দিক দিয়ে বল নিয়ে ভেতরে ঢুকে পড়েন কেভিন ডি ব্রুইনা। তাঁর ডান পায়ের শট পোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। এক মিনিট পর ডি ব্রুইনার নেওয়া শট ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্দ রুখে দেন।
১৫ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ইরান। হোসেইন কানানি দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পোস্টের একদম নিচের কোণ ঘেঁষে জোরালো শট নিয়েছিলেন। থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় ইরান।
ম্যাচের ২৪ মিনিটে অফসাইডে বাতিল হয় ইরানের গোল। বক্সে আসা ফ্রি-কিক ধরে দারুণ এক শটে বল জালে জড়ান মেহেদি তারেমি। তবে রেফারির বাশিতে হতাশ হতে হয় তাদের।
বিরতির পর ইরানকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন আলিরেজা জাহানবখশ। ৪৬ মিনিটে গোলপোস্টের কাছ থেকে নেওয়া তাঁর শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বেশ দূর দিয়ে বাইরে চলে যায়।
এক মিনিট পর কেভিন ডি ব্রুইনার জোরালো শট ইরানের ডিফেন্ডাররা দারুণ ক্ষিপ্রতায় ব্লক করে দেন।
৫৩ মিনিটে আবারও বেলজিয়ামকে রক্ষা করেন কোর্তোয়া। বক্সের ভেতর পাওয়া বল থেকে জোরালো শট নেন মেহদি তারেমি। দুর্দান্তভাবে সেটি ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলকিপার।
৬০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। বক্সের ভেতর থেকে ম্যাক্সিম ডি কুইপারের জোরালো শট ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্দ ফিরিয়ে দিলে গোলবঞ্চিত হয় রেড ডেভিলসরা।
৬৬ মিনিটে দশ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। মেহদি তারেমিকে থামানোর চেষ্টা করতে গিয়ে জার্সি টেনে ধরেন বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয়। রেফারি এক মূহুর্ত দেরি না করে লাল কার্ড দেখান।

৮৬ মিনিটে আবারও ইরানের ত্রাতা রেইরানভান্দ। ডি কাইপারের জোরাল শট ঝাঁপিয়ে আটকান এই গোলকিপার। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

‘জি’ গ্রুপ থেকে এখনো জয়ের মুখ দেখেনি কোন দল। নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। মিশরের সঙ্গে ১-১ ড্রয়ে করেছিল বেলজিয়াম।

গ্রুপপর্বের শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় মিশরের মুখোমুখি হবে ইরান। একই সময়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়বে বেলজিয়াম।

Share.
Leave A Reply

Exit mobile version