Collected from: somoynews.tv
রমজান মাসের রাতের বিশেষ ইবাদত তারাবি নামাজ। তারাবি শব্দটি আরবি। এর অর্থ হলো বিশ্রাম করা। অর্থাৎ দীর্ঘ কেরাতে এ নামাজ পড়ার কারণে চার রাকাত পরপর বিশ্রাম নিয়ে এ নামাজ পড়া হয় বিধায় এটিকে তারাবি নামকরণ করা হয়। তারাবি নামাজ রমজানেই আদায় করা হয়।
অনেকে জানতে চান, তারাবি না পড়লে কি গুনাহ হবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, তারাবির নামাজ না পড়া মাকরূহে তাহরিমি এবং কোনো শরয়ি ওজর ছাড়া জামাত ছেড়ে দেয়া অনুচিত। (কিতাবুল মাবসুত : ২/১৪৫, রদ্দুল মুহতার : ১/৬৫৩, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ৫/৭৭)
রমজানের রোজা মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। যা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর তারাবির নামাজ আল্লাহর রসুল সা. প্রবর্তন করেছেন। তিনি সাহাবায়ে কেরাম রা.-কে আদায়ে উৎসাহিত করেছেন।
হজরত আবদুর রহমান ইবনে আউফ রা. বলেন, রসুল সা. বলেছেন,‘নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন। আর আমি তোমাদের জন্য রমজান মাসব্যাপী আল্লাহর এবাদতে দাঁড়ানো সুন্নাতরূপে চালু করেছি। কাজেই যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান ও সওয়াবের আশা নিয়ে এ মাসের রোজা রাখবে ও নফল (তারাবির) নামাজ পড়বে, সে তার জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যাবে।’ (নাসাঈ, হাদিস : ২২১২)।


