Collected from: tsports.com
ফিফা বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রোনাল্ড কোম্যান। একই দিনে পেনাল্টি মিস করা তিন ডাচ ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী বিদ্বেষের শিকার হওয়ার ঘটনাও সামনে এসেছে।
মন্তেরেতে মঙ্গলবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। টাইব্রেকারে জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রেসেনসিও সামারভিল পেনাল্টি মিস করেন। এরপর তাদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী ও ঘৃণামূলক মন্তব্য করা হয় বলে জানিয়েছে ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি)।
৬৩ বছর বয়সী কোম্যান জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করলেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি ইঙ্গিত দেন, কোচিং ক্যারিয়ারও হয়তো এখানেই শেষ হতে পারে।
কোম্যান লিখেছেন, ‘পেছনে ফিরে তাকালে আমার ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত। এমন সব ক্লাব ও মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যারা আমাকে গড়ে তুলেছে এবং অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে।‘
বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপও ঝরেছে তাঁর কথায়, ‘আমরা সবাই মিলে বিশ্বকাপে এক নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তা সত্যি হয়নি। আর এই ব্যর্থতায় সম্ভবত আমিই সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলাম। একজন কোচ হিসেবে আমি সবসময় দলের সব দায় নিজের কাঁধে নিয়েছি, আর ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।‘
কোম্যানের স্ত্রী বার্টিনা বর্তমানে স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েক বছর আমাকে বুঝিয়েছে, ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। ফুটবল আমার জীবন, কিন্তু সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। প্রিয় মানুষ যখন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যায়, তখন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যায়।‘
ডাচ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বর্ণবাদী মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়ার পর আইনজীবীরা তা পর্যালোচনা করবেন। শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হলে সরকারি কৌঁসুলির দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে এবং ফৌজদারি তদন্ত শুরু হতে পারে।‘
কোম্যান ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেদারল্যান্ডস দলের কোচের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনেই ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে উয়েফা নেশনস লিগে নজর কেড়েছিল ডাচরা। পরে বার্সেলোনার দায়িত্ব নিতে তিনি জাতীয় দল ছাড়েন।
পরবর্তীতে ২০২৩ সালের জানুয়ারিতে তিনি দ্বিতীয়বারের মতো দলটির দায়িত্ব নেন। দ্বিতীয় মেয়াদে ফিরে অবশ্য সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি কোম্যান। অনেকের সমালোচনার মুখে পড়েন রক্ষণাত্মক কৌশলের জন্য। মরক্কোর বিপক্ষে দীর্ঘদিন পর পাঁচ ডিফেন্ডার নিয়ে নামার সিদ্ধান্তও প্রশ্নের জন্ম দেয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন শুরুর পথেই হাঁটছে নেদারল্যান্ডস।


