Collected from: tsports.com
৩৮ বছর বয়সে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামলেন লিওনেল মেসি। নেমেই রেকর্ডবুক ওলটপালট করে দিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
কনসাস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন তিনি। আলজেরিয়ার গোলকিপার দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে নেমে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন মেসি। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। আলজেরিয়ার গোলকিপার লুকা জিদান সেটি ঠেকিয়ে দিলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল থেকে বল জালে জড়ান মেসি। বিশ্বকাপে এটি ছিল মেসির ১৫তম গোল।
ম্যাচের ৭৬ মিনিটে নিজের ও দলের তৃতীয় গোল করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন।
আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। হ্যাটট্রিকের সুবাদে আলবিসেলেস্তেদের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১২০ টি।
২০২৬ বিশ্বকাপে নামার আগে গত পাঁচটি বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ছিল ১৩টি। আজকের ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার সমান ১৬ গোল এখন মেসির। আর মাত্র একটি গোল করলেই একক ভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করবেন এই মহাতারকা।
ম্যাচের ৮০ মিনিটে মেসিকে তুলে নেন আর্জেন্টিনার কোল লিওনেল স্কালোনি। তবে ততক্ষণে ইতিহাসে নিজের নামটি আরও একবার লিখে ফেলেছেন এই মহাতারকা। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন মেসি। বিবিসির তথ্য অনুযায়ী, ম্যাচে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৮.৯৯।
‘‘জে’ গ্রুপে আর্জেন্টিনার পরের ম্যাচ যথাক্রমে অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে।


