Collected from: somoynews.tv
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে তিনটি শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে মার্কিন প্রেসেডেন্ট যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও কোনো সময়সীমা ছাড়াই চলবে বলে জানিয়ছে ইসরাইল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলার পর স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুদ্ধ থামাতে তিনটি শর্ত তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট।
পোস্টে পেজেশকিয়ান লেখেন, ‘রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আমি অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এই যুদ্ধ জায়নবাদী শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্র শুরু করেছে। এটি শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা।’
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় শুরু হওয়া সংঘাত নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। রাশিয়া ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে এবং শত্রুতামূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে এবং ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’।
ট্রাম্প বলেন, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে’। তবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বুধবার বলেছেন, এই যুদ্ধ ‘কোনো সময়সীমা ছাড়াই চলবে’।
রয়টার্স এবং দ্য টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, কাৎজ জানিয়েছেন, যত দিন প্রয়োজন এবং ইসরাইল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।


