Collected from: somoynews.tv
ইরান যুদ্ধের ইতি টানতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করছে কাতার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে সহায়তা করতে এরইমধ্যে কাতারের একটি প্রতিনিধিদল শুক্রবার (২২ মে) তেহরানে পৌঁছেছে।
বিষয়টি সম্পর্কে জানা শোনা আছে এমন একটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে সম্ভাব্য একটি সমঝোতা চূড়ান্ত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে দোহা। সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ার পর যুদ্ধ অবসানে এতদিন সরাসরি মধ্যস্থতার ভূমিকা পালন করা থেকে দূরে ছিল দোহা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার (২২ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে দেশটির রাজধানী তেহরানে যাচ্ছেন। তবে এই সফরের সময়সীমা বা স্থায়িত্ব কতদিন হবে, সে বিষয়ে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের চলমান কূটনৈতিক মধ্যস্থতা প্রচেষ্টার মাঝে তেহরানে আসিম মুনিরের এটি দ্বিতীয় সফর। বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানে অবস্থান করছেন।

