ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দম্পতিকে বিএসএফ গত ২৮ এপ্রিল বিজিবির কাছে হস্তান্তর করেছিল। এ দম্পতি সে সময় বিএসএফের তারেকপুর ক্যাম্পে তাদের ব্যাগ ফেলে আসেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলতলা বিওপি’র বঠুলী আইসিপিতে দুই দেশের সীমান্তরক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে দম্পতির কাছে স্বর্ণালংকারসহ ব্যাগ হস্তান্তর করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিএসএফ ১৭১ ব্যাটালিয়ন তারেকপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশী নাগরিক বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তাঁর স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)কে আটক করে। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। বিএসএফ গত ২৮ এপ্রিল তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এ দম্পতিকে পরিবারের কাছে ওই দিন হস্তান্তর করেছিল।
পরবর্তীতে বিএসএফ ওই দম্পতির একটি ব্যাগ তারেকপুর ক্যাম্পে পায়। তারা বিষয়টি বিজিবিকে অবহিত করে। বিজিবি ফুলতলা বিওপির দায়িত্বশীলরা ওই দম্পতির সাথে যোগাযোগ করলে তারা ব্যাগ ফেলে আসার বিষয়টি নিশ্চিত করে। বৃহস্পতিবার ফুলতলা বিওপি’র বঠুলী আইসিপিতে বিএসএফ ও বিজিবি’র দায়িত্বশীল ও স্থানীয়দের উপস্থিতিতে দম্পতির কাছে স্বর্ণালংকারসহ ব্যাগ হস্তান্তর করা হয়। ব্যাগে সোনার ছুড়ি, আংটি, কানের দুল এবং কয়েক ধরনের গলার মালা ছিল।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফের কাছ থেকে ব্যাগ গ্রহণ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্বশীল ও স্থানীয়দের উপস্থিতিতে দম্পতির কাছে ব্যাগ হস্তান্তর করা হয়। ব্যাগে আড়াই ভরি স্বর্ণালংকার ছিল।

