Collected from: tsports.com
ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বাস্তবতা ভালো করেই জানেন নরওয়ের প্রধান স্টেল সোলবাকেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কাগজে-কলমেও ফেবারিট, তবু নরওয়ে কোচের বিশ্বাস- ফুটবল সব সময় হিসাব মেনে চলে না। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখতেই পারে তাঁর দল।
নিউজার্সিতে শেষ ষোলোর লড়াইয়ে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। সোলবাকেন ঠিকই ব্রাজিলকে ফেবারিট মানছেন। তবে ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু দেখছেন না তিনি।
সংবাদ সম্মেলনে নরওয়ে কোচ বলেন, ‘ব্রাজিল এখনো ফেবারিট। আমি বলেছি, হয়তো তারা আগের মতো বড় ফেবারিট আর নয়। সম্ভাবনাকে শতকরা হিসাবে প্রকাশ করা কঠিন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্রাজিলকে হারাতে পারি। তবে সেটা করতে হলে মাঠে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। ব্রাজিলকে হারানোর সুযোগ আমাদের অবশ্যই আছে।’
গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা নরওয়ে এবার সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। আর সেই পরীক্ষায় ব্রাজিলের আক্রমণভাগকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সোলবাকেন। কার্লো আনচেলত্তির দলে আক্রমণে যে বৈচিত্র্য আছে, সেটাই ভাবাচ্ছে তাঁকে, ‘ব্রাজিলের আক্রমণভাগের তিন খেলোয়াড় যে ভিন্ন ভিন্ন সমন্বয় তৈরি করবে, আমরা সেটি কতটা সামলাতে পারি, তা দেখতে হবে। তারা চারজন আক্রমণভাগের খেলোয়াড় নিয়েও খেলতে পারে, যেমন জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেছিল। তাদের সঙ্গে আমরা কতটা তাল মিলিয়ে চলতে পারি, সেটাই দেখতে হবে।’
ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। ব্রাজিলকে হারাতে পারলে সেটিকে কি এই বিশ্বকাপের বড় অঘটন বলা হবে? কোনো রাখঢাক না রেখেই উত্তর দিয়েছেন নরওয়ের কোচ, ‘হ্যাঁ, অবশ্যই। আমারও মনে হয়, সেটি বড় একটি চমক হবে।’
এই ম্যাচের আরেকটি আলোচিত বিষয় আর্লিং হলান্ড ও গাব্রিয়েল মাগালায়েসের দ্বৈরথ। তবে ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে দলগত লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সোলবাকেন, ‘এই বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণজুটি অন্যতম শক্তিশালী। গাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওস—দুজনই উঁচুমানের খেলোয়াড়। তবে এটি ব্রাজিল–নরওয়ে ম্যাচ। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত দ্বৈরথ হবে, কিন্তু আমার কাছে এটি শেষ পর্যন্ত ব্রাজিল বনাম নরওয়েরই লড়াই।’

