Collected from: somoynews.tv
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১৭ মে) নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।
এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়।
বলা হয়, রোববার চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে বলেও জানানো হয়।
এর আগে মুসলিম বিশ্বের দুই দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
এদিকে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসবে।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।
জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপন হয়। এ ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।
বাংলাদেশের আকাশে কোথাও সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

