Collected from: tsports.com
২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর সহকারী থেকে পেলেন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব। সেখান থেকে একে একে আর্জেন্টিনাকে এনে দিলেন দারুণ সব সাফল্য। উড়ন্ত এই পথচলায় লিওনেল স্কালোনির সামনে এখন একশ ম্যাচের মাইলফলক ছোঁয়ার হাতছানি।
মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-র ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের প্রধান কোচ হিসেবে এটি হবে লিওনেল স্কালোনির একশতম ম্যাচ।
অথচ ২০১৮ সালে স্কালোনি যখন প্রথমবার আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন, তার ওপর বিশ্বাস রাখার মানুষ ছিল খুবই কম। বড় কোথাও কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা কিংবা খেলোয়াড়ি জীবনেও বড় কোনো সাফল্য না থাকায় স্কালোনির ওপর ভরসা করতে পারছিলেন না অনেকেই।
তবে নিজের কারিশমা দিয়েই সবাইকে মুগ্ধ করেছেন স্কালোনি। ২০১৮ সালের বিশ্বকাপের পর শুরুতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেওয়া সাবেক এই রাইট ব্যাক টানা ৮ বছর ধরে আছেন আর্জেন্টিনার ডাগআউটে।
দীর্ঘ এই পথচলায় এখন পর্যন্ত ৯৯ ম্যাচের মধ্যে ৭২টিই জিতেছেন স্কালোনি। ড্র হয়েছে ১৮ ম্যাচ আর হেরেছে স্রেফ ৯টি ম্যাচ। দুর্দান্ত এই পরিসংখ্যানের পরও নিজের শততম ম্যাচের আগে প্রথম দিনের মতোই নার্ভাস স্কালোনি।
সাফল্যময় পথচলায় স্কালোনির কোচিংয়ে ২০২১ সালের কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। যার সৌজন্যে ঘুচেছে দীর্ঘ ২৮ বছরের ট্রফিখরা। পরে ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমাও জেতে আলবিসেলেস্তেরা।
স্কালোনির ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হারের পরও বাকি সব ম্যাচ জিতে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০২৪ সালেও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় স্কালোনির দল। আর এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে লড়ছে আর্জেন্টিনা। সেই মিশনেই কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ হবে কোচ হিসেবে স্কালোনির একশ ম্যাচ।
এর সৌজন্যে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচে কোচিংয়ের তালিকায় আরও একটু ওপরে উঠে যাবেন স্কালোনি। এখন পর্যন্ত রেকর্ডটি গুইলের্মো স্তাবিলের দখলে, ১২৪ ম্যাচ। এছাড়া আগের দুই বিশ্বজয়ী কোচ সিজার লুইস মেনত্তি ও কার্লোস বিলার্দো কোচিং করিয়েছিলেন সমান ৭৯ ম্যাচে।

