Collected from: tsports.com
সৌদি আরবের বিপক্ষে ৪-০ ব্যবধানের দাপুটে জয়ের ম্যাচে প্রথমার্ধেই গোল পেয়েছিলেন লামিনে ইয়ামাল। কিন্তু বিরতির পর আর মাঠে নামানো হয়নি তাকে। ইয়ামালকে এভাবে তুলে নেওয়া নিয়ে কিছুটা গুঞ্জন তৈরি হলেও, ম্যাচ শেষে বার্সেলোনা উইঙ্গার নিজেই পরিষ্কার করেছেন পুরো বিষয়টি।
উরুর চোটের কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে নামেন বদলি হিসেবে। সৌদি আরবের বিপক্ষে আজ শুরুতে তাকে মাঠে নামান লুইস দে ফুয়েন্তে। কোচের আস্থার প্রতিদানও দেন শুরুতেই।
ম্যাচের ১০ মিনিটে ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। মিকেল ওইয়ারসাবালের নিচু ক্রস থেকে দারুণ ক্ষিপ্রতায় বলের নাগাল পেয়ে একদম কাছ থেকে বল জালে জড়ান বার্সেলোনা তারকা।
১৮ বছর ৩৪৩ দিন বয়সে গোল করে ইয়ামাল বিশ্বকাপের ইতিহাসের কনিষ্ঠতম গোলদাতাদের অভিজাত তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন। ১৭ বছর ২৩৯ দিনে গোল করে শীর্ষে ব্রাজিলের কিংবদন্তি পেলে।
ম্যাচের প্রথময়ার্ধে নিয়ন্ত্রণ নেওয়া স্পেন বিরতিতে যায় ৩-০ গোলে। বিরতির পর আর ইয়ামালকে মাঠে নামাননি লুইস দে ফুয়েন্তে। ম্যাচ শেষে ইয়ামাল জানালেন— চোটের কারণে নয়, বরং আগে থেকেই পরিকল্পনা করে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ইয়ামাল বলেন, ‘সবকিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে দিনশেষে আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটাই হয়েছে। ৪০ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর বাড়তি ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। আমরা তো বোকা নই, আমাদের স্মার্ট হতে হবে। প্রথমার্ধের লিড আমাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছে এবং সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে।‘
ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই নিশ্চিত করে ইয়ামাল বলেন, ‘এটি যদি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতো, তবে আমি ১০০ ভাগ উজাড় করেই খেলতাম।‘
টুর্নামেন্টে নিজেদের পরিষ্কার ফেভারিট দাবি করেছেন ইয়ামাল। দলের গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী এই উইঙ্গার বলেন, ‘আমাদের দলে ব্যালন ডি’ অর জয়ী রদ্রি আছে। পেদ্রি আছে, যে আমার মতে এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার। এছাড়া আমাদের নিকো (উইলিয়ামস), দানি অলমোরা আছে।‘
দলের শক্তি নিয়ে হুঙ্কার ছেড়ে ইয়ামাল বলেন, ‘আমরা সবাই ব্যক্তিগতভাবে ভীষণ কার্যকর। প্রত্যেকেই বিশ্বমানের খেলোয়াড় এবং এই কারণেই আমরা এই বিশ্বকাপের অন্যতম প্রধান ফেভারিট।‘
সৌদি আরবের বিপক্ষে জয়ে এইচ’ গ্রুপের ম্যাচটি শীর্ষে উঠছে স্পেন। ২ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট তাদের। গ্রুপপর্বের শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

