Collected from: tsports.com
বিশ্বকাপের শেষ ষোলোতে আফ্রিকার প্রতিনিধি মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাঁচা-মরার সেই ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—প্রতিটি বিভাগেই একটি করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর শনিবার ঝড়ের কারণে অনুশীলন বাতিল করতে হয়েছিল আর্জেন্টিনাকে। এখন তাদের পুরো মনোযোগ মিশরের বিপক্ষে নকআউট পর্বের লড়াইয়ে।
রোববার আটলান্টায় যাওয়ার আগে অনুষ্ঠিত ক্লোজড-ডোর অনুশীলনের পরই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তিনটি পরিবর্তন হতে পারে, যদিও প্রতি বিভাগে একটি করে পরিবর্তনের সম্ভাবনাই বেশি।
সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণভাগে—লিওনেল মেসির সঙ্গী হিসেবে কে খেলবেন? কোচিং স্টাফের প্রাথমিক পরিকল্পনা ছিল নকআউট পর্ব থেকে হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানো। কিন্তু বিশ্বকাপের আগে বাঁ গোড়ালির চোটে পড়ায় তিনি এখনও পুরো ম্যাচ ফিটনেস ফিরে পাননি। তাই কেপ ভার্দের বিপক্ষেও সুযোগ পান লাউতারো মার্তিনেজ। এর আগে জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোলও করেছিলেন তিনি।
তবে কেপ ভার্দের বিপক্ষে লাউতারোর ম্যাচটি খুব একটা ভালো যায়নি। প্রতিপক্ষের আঁটসাঁট রক্ষণে তিনি কার্যত গোলের সুযোগই পাননি। যদিও মেসির সঙ্গে একটি দারুণ ওয়ান-টু মুভে সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু গোলরক্ষক ভোজিনিয়া সেটি রুখে দেন।
দ্বিতীয়ার্ধের ১৮তম মিনিটে আলভারেজকে নামান স্কালোনি। তিনি কিছুটা প্রাণবন্ত খেললেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি। ফলে দুই স্ট্রাইকারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখনও সমানতালে চলছে। আর মিশরের বিপক্ষে কে শুরু করবেন, সেটিই এখন বড় প্রশ্ন।
আরেকটি অনিশ্চয়তা রয়েছে বাঁ প্রান্তের ডিফেন্সে। প্রথমে ধারণা করা হয়েছিল, প্রথম দুই ম্যাচে ভালো খেলার পুরস্কার হিসেবে ফাকুন্দো মেদিনা শেষ ষোলোতেও খেলবেন। তবে পুরো টুর্নামেন্টজুড়ে নিয়মিত একাদশে থাকা নিকোলাস তাগলিয়াফিকো আবারও ফিরতে পারেন। অবশ্য কেপ ভার্দের বিপক্ষে মেদিনা ক্র্যাম্পে ভুগেছিলেন। মঙ্গলবারের ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হতে পারবেন কি না, সেটিও দেখার বিষয়।

