সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলমলিক, পাতন, চন্দ্রগ্রাম, ঘাগুওয়া, দেউলগ্রাম, গোবিন্দশ্রীসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ ৫৪ বছর ধরে করতি খালের উপর ব্রীজ না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘদিনের এই অবহেলার প্রতিবাদে এলাকাবাসী শনিবার দুপুর ১২টায় করতি খালের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সাধারণ মানুষ ছাড়াও এলাকার সুশীল সমাজ, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, স্বাধীনতার পর অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রাস্তা ও ব্রীজ নির্মাণ না হওয়ায় মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা ও জনসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন— “আর নয় আশ্বাস, আমরা বাস্তবায়ন চাই।”
তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় নির্বাচনের আগে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা কখনো বাস্তবায়ন হয়নি। এ কারণে তারা “প্রতারণার শিকার” বলেও মন্তব্য করেন।
অংশগ্রহণকারী জনতা ব্রীজ ও রাস্তা নির্মাণের দাবি জানিয়ে বলেন— অবিলম্বে ব্রীজ নির্মাণ না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এমনকি কেউ কেউ জানান, দীর্ঘ অবহেলা চলতে থাকলে আত্মহননের পথ বেছে নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীরাও অংশ নেয়। তাদের হাতে থাকা প্লেকার্ডগুলো মানুষের দৃষ্টি কেড়ে নেয়। প্লেকার্ডে লেখা ছিল—
“আর নয় আশ্বাস, বাস্তবায়ন চাই।”
“আমরা কি বাংলাদেশের বাইরে?”
“খালের উপর ব্রীজ দাও, নয়তো মরণ দাও।”
এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতালের সিও মোঃ শাহাব উদ্দিন।
মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ জামান। তিনি শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সহযোগিতা করেন এবং জনতার অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান।
এলাকাবাসী জোর দাবি জানিয়ে বলেন,আমাদের জীবন নিয়ে আর কেউ খেলতে পারবে না। ৫৪ বছর পরও যদি ব্রীজ না হয়, তবে আমাদের জানানো হোক—আমরা কি বাংলাদেশে থাকি, নাকি দেশের বাইরে!
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

