Collected from: tsports.com
জার্মান ফুটবল কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন। গতরাতে গ্রুপ ‘জে’-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্লোসাকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর জোড়া গোলের ওপর ভর করে ২-০ ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
এই ম্যাচের আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ক্লোসার সমতায় থেকে মাঠে নামেন তিনি। এরপর ম্যাচের ৩৮তম মিনিটে নিজের প্রথম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান আগামীকাল ৩৯তম জন্মদিন পালন করতে চলা এই মহাতারকা। এরপর ইনজুরি টাইমে আরও একটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৮-তে নিয়ে যান ২০২২ বিশ্বকাপজয়ী তারকা।
মেসির এই অনন্য কীর্তির প্রশংসা করে ক্লোসা বলেন, ‘আমি সব সময়ই বলেছি মেসি মোটেও সহজপাত্র নন। আমার কাছে লিও-ই সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন।’
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। তিনি এখন পুরুষ ফিফা বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে (২০১৪, ২০২২ এবং ২০২৬) ৪ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন। এর আগে এই রেকর্ডটি কেবল ক্লোসার একার ছিল।
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর মেসি চলমান বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকারও শীর্ষে চলে এসেছেন, ২ ম্যাচে তাঁর গোল সংখ্যা এখন ৫টি। এছাড়া মেসি এখন টানা ৬টি বিশ্বকাপম্যাচে গোল করার গৌরব অর্জন করলেন, যা ফ্রান্সের ফন্তেইন এবং ব্রাজিলের জরজিনিয়োর টানা ম্যাচে গোল করার সর্বকালের রেকর্ডের সমান।
বর্তমানে আর্জেন্টিনা ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’-এর টেবিলের শীর্ষে রয়েছে এবং টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

