Collected from: somoynews.tv
ড্রোন-সম্পর্কিত ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্রমণকারীদের তাদের ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে দুবাই পুলিশ বিমানবন্দর সড়ক এবং বিমানবন্দর টানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। কারো জরুরি কাজ থাকলে চালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, সিভিল ডিফেন্স টিম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ‘আশেপাশের একটি জ্বালানি ট্যাংকে আঘাত হানার ফলে সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে’।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাত শুরু হওয়ার আগে পর্যন্ত যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে চলাচল করেন।

