Collected from: tsports.com
নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ফিফা বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলেছে ইরান। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ইরানি ফুটবলার ও কর্মকর্তাদের।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ড ও ইরানের ম্যাচ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। নিউ জিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ইলাইজাহ জাস্ট। ইরানের হয়ে দুটি গোল শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।
এবারের বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে। ইরানের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া ভিসার শর্ত অনুযায়ী, তারা কেবল ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন এবং খেলা শেষ হওয়ার পরপরই ওই দিনেই দেশ ছাড়তে হবে। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনা ও দুই দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের জেরে এই কঠোর ভ্রমণ বিধিনিষেধ।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় থাকার অনুমতি না মেলায় ইরান অ্যারিজনা থেকে সরিয়ে তাদের বিকল্প বেস ক্যাম্প বানিয়েছে প্রতিবেশী দেশ মেক্সিকোতে। দেশটির টিজুয়ানায় ক্যাম্প থেকে গতকাল সংক্ষিপ্ত ফ্লাইটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছায় টিম মেল্লিরা।
ভ্রমণ সংক্রান্ত এই জটিলতার পাশাপাশি ভিসা ইস্যু নিয়েও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ইরানের খেলোয়াড়রা ভিসা পেলেও ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজসহ দলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যাকরুম স্টাফদের ভিসা দেয়নি ওয়াশিংটন।
গ্রুপ পর্বে ইরানের বাকি দুটি ম্যাচ ক্যালিফোর্নিয়া ও সিয়াটলে হবে। ২২ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, এরপর ২৭ জুন মিশরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ইরান। নিউ জিল্যান্ডের বিপক্ষে আজকের ড্রয়ে বর্তমানে টেবিলের দুই নম্বরে রয়েছে টিম মেল্লিরা।

