Collected from: tsports.com
‘ব্রাজিল এখন আর আগের সেই দল নেই’—চলতি সময়ে ফুটবলবিশ্বে এমন আলোচনা নতুন কিছু নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যে আগের মতো খুনে মেজাজে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিতে পারছে না, সেলেসাওদের মুখোমুখি হওয়ার আগে সেই খোঁচাই দিয়েছিলেন জাপানি স্ট্রাইকার কেন্তো শিওগাই। তবে মাঠের বাইরের এই মনস্তাত্ত্বিক লড়াই একদমই গায়ে মাখছে না ব্রাজিল ড্রেসিংরুম। বরং হিউস্টনে বিশ্বকাপের মহালড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এসে এই জাপানি ফরোয়ার্ডকে বেশ কড়াভাবেই এক হাত নিয়েছেন সেলেসাও অধিনায়ক মার্কিনিওস।
জাপানি ফরোয়ার্ডের মন্তব্যকে ‘অহংকার’ আখ্যা দিয়ে মাঠের লড়াইয়েই এর মোক্ষম জবাব দেওয়ার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিওস। জাপানি তারকার এই মন্তব্য যে ব্রাজিলের ড্রেসিংরুমকে ভালোভাবেই তাতিয়ে দিয়েছে, তা নিশ্চিত করেছেন পিএসজির এই তারকা ডিফেন্ডার নিজেই।
‘ক্যাজে টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা ক্ষোভ ও তাচ্ছিল্যের সুরেই মার্কিনিওস বলেন, ‘ওর কথা এইটুকুই থাক (এর বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য নয়)। ওরা যত বেশি কথা বলবে, আমাদের দল তত বেশি অনুপ্রাণিত হবে, এটা আমাদের জন্যই ভালো। আমরা প্রায় এক মাস ধরে এখানে যুক্তরাষ্ট্রে আছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে, নিজেদের লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এই ধরণের আলগা কথা আমরা প্রতিপক্ষের জন্যই তোলা রাখলাম; ওরা মাঠের বাইরে যত ইচ্ছা কথা বলুক, আর আমাদের তেতে উঠতে সাহায্য করুক।’
এবারের বিশ্বকাপে জাপানের খেলা তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন শিওগাই। গ্রুপ ‘এফ’-এর প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটিতে দ্বিতীয়য়ার্ধের ৩৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

