Collected from: somoynews.tv
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশপাশি ইরানকেও হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত দৃঢ় ও শক্তিশালীভাবে অগ্রসর হচ্ছে। যা অদূর ভবিষ্যতে একটি অর্থবহ পরিণতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কূটনৈতিক তৎপরতাকে তার নিজস্ব গতিতে চলতে দেয়ার স্বার্থে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।’
এদিকে, ইরানকেও ‘সদিচ্ছার প্রতীক’ হিসেবে দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে রাখার অনুরোধ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেন, ‘দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এবং কূটনীতির মাধ্যমে যুদ্ধের চূড়ান্ত অবসান নিশ্চিত করতে আমরা সব যুদ্ধরত পক্ষকে দুই সপ্তাহের জন্য সর্বত্র যুদ্ধবিরতি পালনের আহ্বান জানাচ্ছি।’
হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ইরানকে দেয়া আলটিমেটামের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটিকে নতুন করে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’
মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান।
এদিকে, হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানিদের ১২ ঘণ্টার জন্য ট্রেন ব্যবহার না করতে এবং দেশটির রেলপথ থেকে দূরে থাকার সতর্কবার্তা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইরানের একাধিক রেললাইনে হামলার খবর পাওয়া গেছে।
আইডিএফ জানিয়েছে, মঙ্গলবার ইরানের তেহরান, কারাজ, তাবরিজ, কাশান এবং কোমসহ বিভিন্ন এলাকায় অন্তত আটটি সেতুতে হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় দুজন নিহত হয়েছেন।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি কারাজে একটি রেললাইনে বিমান হামলার খবর দিয়েছে। ঘটনাস্থলে কর্মীরা একজন আহত ব্যক্তির চিকিৎসার ভিডিও পোস্ট করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, প্রাদেশিক ডেপুটি গভর্নর বলেছেন, পশ্চিম কোম প্রদেশের স্থল পরিবহন সেতুগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের বরাত দিয়ে আইআরআইবি আরও জানায়, তাবরিজ–তেহরান মহাসড়কের একটি অংশ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-প্রধান বলেছেন, আহভাজ শহরের একটি সড়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে।
আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে তাবরিজ ও জানজানের মধ্যবর্তী আরেকটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া হামলায়কুরেহ চামান–মিয়ানে সড়কটি উভয় দিক থেকেই বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

