Collected from: tsports.com
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচের রেফারির নামও ঘোষণা করেছে ফিফা। বিতর্কিত এক সিদ্ধান্তের কারণে চলতি বছর আলোচনায় আসা রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই ম্যাচে।
আলজেরিয়ার ও অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ দুটি জয়ে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য নিয়মরক্ষার হলেও, দায়িত্বপ্রাপ্ত রেফারিকে ঘিরে আলোচনা কম নয়।
৪১ বছর বয়সী কোভাচ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত জাপান-তিউনিসিয়া ম্যাচটি পরিচালনা করেছেন। যেটি ছিল ফিফা বিশ্বকাপ ইতিহাসের ১ হাজারতম ম্যাচ। সেদিন তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল জাপান।
এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাবেন তিনি কোভাচ।
সম্প্রতি কোভাচ সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ম্যাচের কারণে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচে তার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়েছিল কাতালান ক্লাবটি।
বার্সেলোনার অভিযোগ ছিল দুটি সিদ্ধান্ত নিয়ে- পেনাল্টি বক্সে পাবিলের একটি হ্যান্ডবল উপেক্ষা করা ও পাও কুবারসিকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত। শুরুতে হলুদ কার্ড দেখালেও, পরে ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান কোভাচ।
ম্যাচটি ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। পরে কোভাচের বিরুদ্ধে ইউয়েফায় আনুষ্ঠানিক অভিযোগও করে তারা। যার প্রেক্ষিতে ওই ম্যাচের পর আর চ্যাম্পিয়নস লিগে কোনো ম্যাচের দায়িত্ব দেওয়া হয়নি কোভাচকে।
সাম্প্রতিক বিতর্ক থাকলেও ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে বিবেচনা করা হয় কোভাচকে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। ক্যারিয়ারে ৩২১টি ম্যাচ পরিচালনা করে দেখিয়েছেন ১ হাজার ৭৩৯টি হলুদ ও ৫৫টি লাল কার্ড।
চ্যাম্পিয়নস লিগে ৩৭টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের ফাইনালও। এছাড়া ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ ও ২০২৩-২৪ মৌসুমের ইউরোপা লিগের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বিশ্বকাপে এবারই প্রথম দায়িত্ব পেয়েছেন কোভাচ।
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে কোভাচের সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি মিহাই মারিকা ও ফেরেঞ্চ তুনইয়োগি। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন মৌরিতানিয়ার দাহানে বেইদা। আর অ্যাঙ্গোলার জেরসন সান্তোস থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে।

