Collected from: somoynews.tv
মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি আসলে ‘শুধু একটি বিরতি মাত্র’, পুরো যুদ্ধের শেষ নয়। আজ বুধবার (৮ এপ্রিল) পেন্টাগনে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।
প্রায় পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।
এই চুক্তিটি হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। গত কয়েক দিনে দেশটি সক্রিয়ভাবে উত্তেজনা কমাতে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও বৃহত্তর সমঝোতা করতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।
উভয় পক্ষের সব শর্ত এখনও প্রকাশ করা হয়নি, তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা গেছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়াই এই চুক্তির প্রধান শর্ত। যুদ্ধবিরতির পর উভয় পক্ষই নিজেদেরকে ‘বিজয়ী’ দাবি করেছে।
যুদ্ধবিরতির পরপরই পেন্টাগনে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
কেইন বলেন, প্রয়োজনে আবার যুদ্ধ শুরু করার জন্য মার্কিন যৌথ বাহিনী প্রস্তুত রয়েছে। কেইন আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তার ভাষায়, এসব হামলায় ইরানের প্রায় ৮০ শতাংশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ৯০ শতাংশের বেশি প্রচলিত নৌবাহিনী এবং ৯০ শতাংশ অস্ত্র কারখানা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ‘ইরানের বড় ধরনের নৌ যুদ্ধজাহাজ পুনর্গঠন করতে বহু বছর সময় লাগবে।’

