Collected from: somoynews.tv
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের একটি রহস্যময় ‘উপহারের’ কথা বলেছিলেন। তার দাবি অনুযায়ী, ইরান চলমান আলোচনার অংশ হিসেবে ওই ‘উপহার’ যুক্তরাষ্ট্রকে দিয়েছে। তিনদিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সেই ‘উপহারের’ কথা ফাঁস করেছেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, সেই উপহার আসলে ছিল ১০টি তেলবাহী জাহাজ, যা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পর বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দেয় ইরান। তবে সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো ছাড়া কয়েকটি দেশের জন্য পথটি উন্মুক্ত করে দেয়া হয়।
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না বলে বারবার স্পষ্ট করলেও গত কয়েকদিন ধরে ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে (২৪ মার্চ) ট্রাম্প ইঙ্গিতে বলেন, ইরান তাকে একটি দামি উপহার দিয়েছেন। যাকে তিনি ‘ইরানের সদিচ্ছা’ উল্লেখ করে বলেন, তাদের এই সদিচ্ছার পদক্ষেপটি যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করেছে।
তবে সেই ‘উপহার’ ঠিক কী ছিল, তা তখন স্পষ্ট করেননি তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা খুব বড় একটা উপহার, যার মূল্য বিপুল, কিন্তু আমি এখনই তা বলছি না—এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু।’
সিএনএনের প্রতিবেদন মতে, তিনদিন পর বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে রহস্যময় সেই উপহারের কথা ফাঁস করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘খুব গুরুত্বপূর্ণ আলোচনা’ করেছে এবং ওই তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করাই প্রমাণ করে যে আলোচনায় পক্ষগুলো আন্তরিক।
তিনি বলেন, ‘তারা বলেছে, ‘আমরা যে সত্যিকারের এবং দৃঢ়ভাবে আলোচনায় আছি তা দেখাতে আমরা আপনাদের আটটি তেলবাহী জাহাজ দেব।’ ট্রাম্প আরও যোগ করেন, জাহাজগুলো পাকিস্তানের পতাকা বহন করে প্রণালী অতিক্রম করেছে।
তিনি আরও বলেন, ইরান অতিরিক্ত দুটি জাহাজ পাঠিয়েছিল ‘একটি বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য।’ ট্রাম্পের মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ‘সঠিক পক্ষের সঙ্গে’ আলোচনা করছে। এদিন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরান শুল্ক আরোপ করতে পারবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘তাদের তা করা উচিত নয়, তবে তারা কিছুটা করছে।’

