Collected from: tsprots.com
চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণ মঞ্চে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী দলের হাতে শিরোপাও তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এমনটাই নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার সভাপতি বলেন, ‘আমরা প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গেই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’
নিউ জার্সি স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে এবারের ফিফা বিশ্বকাপের ফাইনাল। ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্পও সঙ্গে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই। আমরা সব সময়ই একসঙ্গে থাকি।’
এর আগেও গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন ট্রাম্প। ওই ম্যাচে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। ম্যাচ শেষে চেলসি যখন শিরোপা উদ্যাপন করছিল, তখনও মঞ্চে ছিলেন তিনি।
পরে ক্লাব বিশ্বকাপের ট্রফিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি কার্যালয় ও বাসভবন দ্য হোয়াইট হাউজের ওভাল অফিসে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চেলসি মূল ট্রফির একটি প্রতিরূপ (রেপ্লিকা) পেয়েছিল।
দ্য অ্যাথলেটিক-র এক প্রতিবেদনে ফিফা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এবারের বিশ্বকাপে যত বেশি সম্ভব ম্যাচে উপস্থিত থাকার চেষ্টা করছেন ইনফান্তিনো। এখন পর্যন্ত তিনি দিনে দুটি ম্যাচও দেখেছেন। তবে এ বছরের বিশ্বকাপে এখনও কোনো ম্যাচে উপস্থিত হননি ট্রাম্প।

