Collected from: tsports.com
আজ রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়াকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আসেন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস। যেখানে স্প্যানিশ কোচের এক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এনজো। বলেছেন- ‘যা প্রমাণ হওয়ার মাঠেই হবে।’
এর আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেছেন যে স্পেনের মিডফিল্ডই বিশ্বের সেরা। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় এনজোকে। তিনি বলেন, ‘আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। কে ভালো আর কে খারাপ, তা মাঠের খেলাতেই দেখা যাবে।’
ফুয়েন্তে মনে করেন তাঁর দলে বিশ্বের সেরা ছয়জন মিডফিল্ডার রয়েছে। এনজো যোগ করেন, ‘স্পেনের মিডফিল্ড বিশ্বের অন্যতম সেরা, কারণ ওদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে।’
আপাতত স্পেন নিয়ে নয়, আর্জেন্টিনা দল ভাবতে চায় অস্ট্রিয়াকে নিয়ে। এই ম্যাচ নিয়ে এনজো বলেন, ‘আমরা এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলে এবং মিডফিল্ডে বেশ আগ্রাসী। তবে আমরা পুরো সপ্তাহ ধরে পরিকল্পনা করেছি যে কীভাবে খেলব। আশা করি সব ভালো হবে।’
অস্ট্রিয়ার বিপক্ষে আজ জিতলে গ্রুপ সেরা হওয়ার সুযোগ এবং পরের রাউন্ডে এক পা বাড়াবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে জেতা অস্ট্রিয়ার ক্ষেত্রেও সমীকরণ একই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

