Collected from: somoynews.tv
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে ওই ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
গ্রেফতার ছিনতাইকারীরা হলেন: মো. রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় (২৫) এবং মো. রকি ওরফে শাকিল (২৫)।
শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় জিয়া উদ্যানে দায়িত্বরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা ধাওয়া করে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে ছিনতাইকারীদের আটক করার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন। তবে গুরুতর আহত অবস্থায় জড়িত দুই ছিনতাইকারীকে জনতার সহায়তায় তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেন।
ডিএমপি থেকে জানানো হয়েছে, আহত দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে ভর্তি রয়েছেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর এক ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

