Collected from: somoynews.tv
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত চাইছে নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া। বাংলাদেশের চাওয়া, জলবায়ু সংবেদনশীল এবং অধিক পূর্বানুমানযোগ্য পানি প্রবাহের দীর্ঘমেয়াদি নতুন সমঝোতা। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকের সম্ভাবনা রয়েছে।
তিন দশকের পুরনো গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। ১৯৯৬ সালে স্বাক্ষর করা এ চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা-দিল্লির রাজনৈতিক-কূটনৈতিক আলোচনা এখন তুঙ্গে। দুই দেশের জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেয়া হবে।
এখন পানির হিস্যা ভাগ করতে হলে নির্দিষ্ট নতুন তথ্যের প্রয়োজন। নদীতে কী পরিমাণ পানির প্রবাহ রয়েছে, এর ওপর ভিত্তি করে হতে হবে। যদি আমরা স্বীকার করি, পরিসংখ্যান পরিবর্তন হয়েছে, তবে আমরা নতুন পরিস্থিতির সঙ্গে পানির হিস্যা মিলিয়ে নিতে পারবো।
আগস্ট বা সেপ্টেম্বরের ভেতরেই চেষ্টা করা হবে। আমরা খুব আশাবাদী, আরেকটা নতুন চুক্তি হবে। সেই চুক্তির মধ্য দিয়ে বিগত ৩০ বছরের ধারাবাহিকতা রক্ষা হবে বলে আশা করি।

